চ্যানেল আইয়ে আজ রাতে প্রচারিত হবে মেগা ধারাবাহিক ‘৪২০’। এটি রচনা ও পরিচালনা করেছেন মোস্তফা সরয়ার ফারুকী।
এ নাটকে অভিনয় করেছেন তিশা। আজকের কথোপকথন তাঁর সঙ্গে।
‘৪২০’ নাটকটি দেখতে কেমন লাগছে?
খুব ভালো লাগছে। শুটিং করার সময় যেমনটি পেয়েছিলাম, এখন নাটকটি দেখে তার চেয়ে বেশি আনন্দ পাচ্ছি। আমার কাছে মনে হয়, মোস্তফা সরয়ার ফারুকী ৫১বর্তী বা ৬৯ নাটক দুটি যে ধরনের গল্প নিয়ে তৈরি করেছিলেন, ৪২০ তা থেকে একেবারেই আলাদা ঢঙের। ফলে নাটকের মজাটাও অন্য রকম।
এ নাটকের কোন অংশটুকু বেশি ভালো লাগছে?
আমার এবং মোশারফ করিমের এখন যে অংশটুকু প্রচারিত হচ্ছে, তা আমি খুব বেশি উপভোগ করছি। আমাদের দুজনের সম্পর্ক এবং খুনসুটি-এগুলোর কাজও খুব ভালো হয়েছে।
আপনি ‘দ্য রেইন’ নামের একটি নাটকে কাজ করেছেন। যতটুকু জেনেছি, নাটকটিতে মাত্র দুটি চরিত্র।
আমার অভিনয়জীবনে যে কটি ভালো এবং ব্যতিক্রমধর্মী নাটকে অভিনয় করেছি, দ্য রেইন তার মধ্যে অন্যতম। এ নাটকে কাজ করতে গিয়ে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। এতটাই পরিশ্রম করতে হয়েছিল যে একসময় জ্বর এসেছে, কাজ করতে গিয়ে পড়ে গেছি; তবুও কাজটা ভালোভাবেই শেষ করেছি।
বিশ্ব ভালোবাসা দিবসের কোনো কাজ করেছেন?
চারটি নাটকে কাজ করেছি। শুনেছি, চারটিই নাকি প্রচারিত হবে। কিন্তু কোনটি যে প্রচারিত হবে, তা এখনো জানি না। তবে নাটকগুলো কিন্তু দর্শকেরা উপভোগ করতে পারবেন।
বিয়ে কবে করছেন?
এ কথা পরিষ্কার করে বলতে পারি, আমার বয়স ৩০ হওয়ার আগেই আমি বিয়ে করব। তবে কবে বিয়ে করব, এমন প্রশ্ন করলে আমি বলব, বিয়েটা যেকোনো দিনই হতে পারে।
পড়াশোনার কী খবর?
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া এবং কমিউনিকেশন বিভাগে পড়াশোনা করছি। আসলে আমি মিডিয়ার সঙ্গে সম্পর্কিত কিছু একটা করতে চাই। তাই এ বিষয়টা নিয়েছি। ইচ্ছা আছে, আমি ভবিষ্যতে পরিচালনা করব।
সূত্রঃ প্রথম আলো।