দুই দশকে ইত্যাদি
এবারের পর্ব প্রচারিত হবে ২৯ ফেব্রুয়ারি
দেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদি-র এবারের পর্ব প্রচারিত হবে আগামী ২৯ ফেব্রুয়ারি, শুক্রবার রাত ৯টায়। উল্লেখ্য, ইত্যাদির এ পর্বের মাধ্যমে দর্শকনন্দিত এ অনুষ্ঠানটি পা দিতে যাচ্ছে ২০ বছরে। ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের প্যাকেজ অনুষ্ঠান অর্থাৎ বহিরাগত নির্মাতাদের মাধ্যমে টিভি অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। ২০ বছরে পদার্পণ উপলক্ষে বিশেষ কোনো আয়োজন থাকবে কিনা জানতে চাইলে ফাগুন অডিও ভিশন জানায়, ইত্যাদির প্রতিটি অনুষ্ঠানই বিশেষভাবে সমান যত্ন নিয়ে নির্মাণ করা হয়। তাছাড়া বর্ষপূর্তি, দশক পূর্তি বা যুগপূর্তি নিয়ে জন্মদিন পালনের মতো কোনো অনুষ্ঠান করে আড়ম্বর বা বাগাড়ম্বরে ইত্যাদি বিশ্বাসী নয়। তাই দুই দশকের অনুষ্ঠানেও ইত্যাদিকে সাজানো হয়েছে তার চেনা রূপেই। টেলিভিশন মিডিয়ার প্রধান যে কাজ অর্থাৎ শিক্ষা, তথ্য, বিনোদন ইত্যাদিকে সবসময়ই এ তিনটি বিষয় মাথায় রেখেই সাজানো হয় এবং বিভিন্ন সামাজিক অসঙ্গতি তুলে ধরে ক্ষত নিরাময়ের জন্য সচেতনতামূলক ও উদ্বুদ্ধকরণ নাট্যাংশসহ বিভিন্ন মানবিক প্রতিবেদন তুলে ধরা হয়। ইত্যাদির এবারের পর্বেও রয়েছে নানা বিষয়ের সঙ্গে কিছু মানবিক প্রতিবেদন। সামপ্রতিককালে সিডরে ক্ষতিগ্রস্ত একটি উপকূলীয় এলাকার একজন সৎসাহসী মানুষের ওপর রয়েছে একটি চমৎকার প্রতিবেদন। যিনি জীবনের ঝুকি নিয়ে সিডরের সময় অনেক মানুষের জীবন রক্ষা করতে সাহায্য করেছেন। প্রচারবিমুখ এ মানুষটির ওপর প্রতিবেদন করার জন্য ইত্যাদির টিম গিয়েছিল বরগুনার উপকূলীয় এলাকায়। গত অনুষ্ঠানে প্রচারিত উখিয়ার শারীরিক প্রতিবন্ধী মেধাবী কিশোরী খেলুরানীর পরবর্তী অবস্থা কি জানা যাবে এ অনুষ্ঠানে। উল্লেখ্য, শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও নানা প্রতিকূল পরিবেশে খেলুরানী শিক্ষার আলোয় আলোকিত হওয়ার জন্য কঠিন পরিশ্রম করে যাচ্ছে প্রতিদিন। লেখাপড়ায় সহযোগিতা করার জন্য খেলুরানীকে গত অনুষ্ঠানে এক লাখ টাকা দেয়া হয়েছিল। এছাড়াও ইত্যাদির এবারের পর্বে অনেকের কাছেই অজানা ও অচেনা একটি অভিনব গ্রামের চিত্র তুলে ধরা হয়েছে। রয়েছে বাংলাদেশি যুবক নাফিজ বিন যাফরের অস্কার পুরস্কার বিজয়ের ওপর একটি চমৎকার প্রতিবেদন। এবারের ইত্যাদিতে দুটি গান রয়েছে। একটি গেয়েছেন শিল্পী মাহমুদুজ্জামান বাবু। গ্রাম বাংলার প্রকৃতি ও গ্রামীণ জীবনকে তুলে ধরে গানটির চিত্রায়ন করা হয়েছে। গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর করেছেন আলী আকবর রূপু। মানিকগঞ্জ, পাটুরিয়া, সাভার, সিঙ্গাইরসহ বিভিন্ন স্থানে দু’দিন ধরে গানটির চিত্রায়ন করা হয়। এছাড়া এবারের ইত্যাদিতে রয়েছে একটি গানে গানে গল্প। গ্রামে আসা একজন শৌখিন আলোকচিত্র শিল্পীর সঙ্গে গ্রামের এক যুবকের দেখা হওয়ার পর তাদের মধ্যে ভালোবাসার জন্ম হয়। তার ওপরই গানটির গল্প তৈরি করা হয়েছে। একটি এক ঘণ্টার নাটকের গল্পকে তুলে ধরা হয়েছে একটি গানের মাধ্যমে। এতে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল নোবেল ও অভিনয় শিল্পী তারিন। এ গানটিও লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান ও সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকবর রুপু। তিন প্রেমিকের ভালোবাসা নিয়ে রয়েছে একটি বিদ্রূপাত্মক গান। উল্লেখ্য, ইত্যাদির প্রতিটি গানই নতুন করে অনুষ্ঠানের মূল পরিকল্পনার সঙ্গে সঙ্গতি রেখে হানিফ সংকেতের সার্বিক তত্ত্বাবধানে তৈরি করা হয়। ফলে প্রতিটি গানই হয় বৈচিত্র্যময় এবং আলাদা স্বাদের। এবারের ইত্যাদি যেহেতু ফেব্রুয়ারি মাসে প্রচারিত হবে তাই ফেব্রুয়ারিকে সামনে রেখেই এবারের দর্শকপর্ব সাজানো হয়েছে। গত কয়েক পর্ব থেকেই ইত্যাদিতে দর্শক পর্বের দর্শক নির্বাচনের জন্য ইত্যাদির ইউনিট দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বিভিন্ন কুইজের মাধ্যমে দর্শক নির্বাচন শুরু করেছে। এর আগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশালের বিভিন্ন ইউনিভার্সিটি ও কলেজ থেকে প্রতিযোগী নির্বাচন করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এবারের দর্শক পর্বের জন্য সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দুজন, সিলেট সরকারি মহিলা কলেজ থেকে দুজন এবং বাকি দুজনকে স্টুডিওতে আমন্ত্রিত দর্শকদের মধ্য থেকে নির্বাচিত করা হয়। এবারো যথারীতি বিজয়ীদের জন্য কমপিউটার, বই, সেলাই মেশিনসহ বিভিন্ন পুরস্কার ছিল। খ্যাতিমান অভিনেতা আরিফুল হক প্রায় আট বছর পর কানাডা থেকে দেশে ফিরে আবারো ইত্যাদির মাধ্যমে দর্শকের সামনে উপস্থিত হবেন। উল্লেখ্য, আরিফুল হক বাংলাদেশে থাকাকালীন ইত্যাদির নিয়মিত শিল্পী ছিলেন। কানাডা যাওয়ার আগেও তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন ইত্যাদিতে। দেশে ফেরার পর আবারো তিনি তার প্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে একটি নাট্যাংশে অংশগ্রহণ করেন। এছাড়াও এবারের ইত্যাদিতে বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমসাময়িক ঘটনা নিয়ে রয়েছে বিভিন্ন নাট্যাংশ। রয়েছে ভালোবাসা দিবসে এক আশাহত যুবকের প্রতিক্রিয়া, একজন নেতার শিক্ষা বিস্তারের কার্যক্রম, প্রভাবশালী ব্যক্তির সাক্ষাৎকার, টক শো নিয়ে দুই বন্ধুর টক শো, কারওয়ান বাজারে এক ব্যক্তির অভিনব বাজার, শিল্পীর লাইভ সাক্ষাৎকার, নিবন্ধন নিয়ে দুই বন্ধুর আলাপ, মোবাইল সুবিধা ও প্রাইভেট ক্লিনিকসহ বিভিন্ন বিষয়ে আরো কয়েকটি নাট্যাংশ রয়েছে। প্রতিটি নাট্যাংশেই রয়েছে বিনোদনের পাশাপাশি আমাদের সামাজিক অসঙ্গতিকে ঘিরে তীব্র কটাক্ষপাত। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।
Bangla Video Tags: Hanif Sanket, Hanif Sanket
Evergreen Bangla Video 
Obhiman gan kon album er??