খাইরুন সুন্দরী খ্যাত চিত্রপরিচালক এ কে সোহেল এবার নির্মাণ করলেন ভৌতিক মুভি ডাইনি বুড়ি। তার পরিচালনায় এটি ষষ্ঠ মুভি। মেঘালয় চলচ্চিত্র ব্যানারে মুভিটি প্রযোজিত ও পরিবেশিত হয়েছে। মুভির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। মুভির চিত্রগ্রহণ করেছেন মোজাফফর হোসেন ও সম্পাদনা করেছেন আর জে সুজন। মুভিটি সম্পর্কে এ কে সোহেল বলেন, আমার অনেক দিনের চিন্তা-ভাবনা ছিল দর্শকদের ভিন্ন কিছু উপহার দেয়া। তাই আমি ভিন্ন মাত্রার কাহিনী নিয়ে ভৌতিক ডাইনি বুড়ি মুভিটি নির্মাণ করেছি। বাংলা চলচ্চিত্র শিল্পী সঙ্কটে ভুগছে। এ মুভির মাধ্যমে পাচ জোড়া নতুন ছেলেমেয়ের চলচ্চিত্রে আগমন ঘটতে যাচ্ছে। তারা সবাই ভালো অভিনয় করেছেন। আমি আশাবাদী দর্শকরা মুভিটি দেখে ভিন্ন স্বাদ গ্রহণ করবেন ও হলমুখী হবেন। মুভির অভিনয় শিল্পীরা হলেন নবাগত রোকন, খোকন রাজ, জাকির, কবির, মাসুদ, নবাগত মাহিয়া, মেহবুবা, জুই, নূর, সিনথিয়া, টেলি সামাদ, দুলারী, শশী সরকার, মুকুল তালুকদার, হাবিব খান, বাচ্চু, শিউলী, নাগমা, বেগম মন্টু প্রমুখ।
মুভিতে যা দেখা যাবে, যমুনা নামে এক মহিলা তান্ত্রিকের বোন শেফালী এক যুবকের প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করে। যমুনার গুরু ডাইনি বুড়ির সহযোগিতায় তার বোনের মৃত আত্মাকে পঞ্চ আত্মার রূপ দিয়ে শিষ্য চাণ্ডালের সহযোগিতায় চালান করে দেয় কলেজ হস্টেলে বসবাসরত পাচ সুন্দরী যুবতীর ওপর। সেই পাচ সুন্দরী যুবতী রাত গভীর হলেই বীভৎস ভৌতিক রূপ ধারণ করে হস্টেল রুম থেকে বেরিয়ে আসে রাস্তায় এবং যুবক ছেলেদের হত্যা করে। এরা এতোই শক্তিশালী যে, দিনের আলোতেও কলেজে বিভিন্ন সময় ভৌতিক রূপ ধারণ করে এবং যুবকদের হত্যা করে। এভাবেই ডাইনী বুড়ি মুভির গল্প এগিয়ে যায়। এক সময় সেই ভৌতিক আত্মার পাচজন সুন্দরী যুবতী হামলা চালায় তাদেরই প্রেমিক পাচ যুবকের ওপর। ঠিক তখনই গল্প মোড় নেয় অন্যদিকে। ভৌতিক আত্মার ভয়ঙ্কর ঘটনাবলী নিয়েই গল্পের সমাপ্তি ঘটে। ৮ ফেব্রুয়ারি মুভিটি মুক্তি পাচ্ছে।
June 2nd, 2008 at 3:31 pm
ভাল লাগল কাহিনি।