এনটিভিতে রান্না বিষয়ক অনুষ্ঠান সিদ্দিকা কবীরস রেসিপি ও বাংলাভিশনে ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান ভিসা আপনার আগামী অনুষ্ঠান দুটি উপস্থাপনা করছেন শারমীন লাকি। এছাড়া বেশ কিছু ফ্যাশন হাউসের মডেলিংও করছেন তিনি। শারমীন লাকির সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে তার সঙ্গে কথা বলেন লিখেছেন সাদেক সামি।
ইন্টারভিউ
বর্তমানে ব্যস্ততা কি নিয়ে?
এনটিভিতে রান্না বিষয়ক অনুষ্ঠান সিদ্দিকা কবীরস রেসিপি ও বাংলাভিশনে ক্যারিয়ার বিষয়ক অনুষ্ঠান ভিসা আপনার আগামী অনুষ্ঠান দুটি নিয়মিতই উপস্থাপনা করছি। আর মাঝে মধ্যে বিভিন্ন ফ্যাশন হাউসের মডেল হচ্ছি। এসব নিয়েই ব্যস্ত আছি।
আপনাকে বেশির ভাগ সময় রান্না-বান্নার বিভিন্ন জিনিসে মডেল হতে দেখা যাচ্ছে-এর কারণ কি?
আসলে ব্যাপারটি হলো রান্নার অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করতে করতেই হোক বা অন্য কোনো কারণেই হোক এসব ক্যারেক্টারে আমাকে বেশ ভালো মানায় বলেই হয়তো ডিরেক্টররা আমাকে কাস্ট করেন। তবে শুধু রান্না রিলেটেড জিনিসেই যে আমি মডেল হচ্ছি এটা ঠিক নয়। কারণ মাত্র কয়েক দিন আগে বাটার নতুন পণ্য মেরি ক্লিয়ারের বিজ্ঞাপনে মডেল হয়েছি। তবে এটি শুধু স্টিল ফটোগ্রাফিতে।
ভিসা আপনার আগামী অনুষ্ঠানটি থেকে কেমন রেসপন্স পাচ্ছেন?
রেসপন্স খুবই ভালো। কারণ এ ধরনের একটি অনুষ্ঠান ১০০ পর্ব পেরিয়ে যাওয়াটা অনেক বড় কিছু। ভালো ফিডব্যাক না পেলে অনুষ্ঠানটি অনেক আগেই বন্ধ হয়ে যেতো। প্রথম থেকেই আমার আত্মবিশ্বাস ছিল এ অনুষ্ঠানটি ক্লিক করবে।
আর সিদ্দিকা কবীরস রেসিপি?
সেটা তো আপনারাই ভালো জানেন। রান্না বিষয়ক এ ধরনের অনুষ্ঠান এতো রেসপন্স পাবে ভাবতেই সত্যি অবাক লাগে। আর সিদ্দিকা আপার সঙ্গে আমার বোঝাপড়াটাও বেশ ভালো তাই। বেশ স্বাচ্ছন্দ্যেই আমরা অনুষ্ঠানটি করতে পারি।
ইদানীং সিটিসেলের নতুন বিজ্ঞাপনেও আপনার ভয়েস শোনা যাচ্ছে?
হ্যা, সিটিসেলের নতুন যে কয়টি বিজ্ঞাপন বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে তার সবই আমার দেয়া। আসলে আমি অল লাকি।
আর অভিনয়ের খবর কি?
ওটা তো এতো দিনে হলে আপনাদের খবর দিতাম। যেহেতু এখনো হয়নি তাই ভবিষ্যতের জন্যই অপেক্ষা করতে হবে।