অনেকেই আমাকে রুচি ডাল বলে ডাকে : দাউদ রনি
বর্তমানে টিভি চ্যানেলগুলোতে প্রচারিত হচ্ছে রুচি ডাল ভাজার একটি নতুন বিজ্ঞাপনচিত্র। অল্প সময়ের মধ্যে দর্শকপ্রিয়তা পাওয়া এ বিজ্ঞাপনটিতে মডেল হয়েছেন দাউদ রনি। লিখেছেন তীর্থ জহির।
প্রথমবারের মতো কোনো বিজ্ঞাপনচিত্রের মডেল হলেন। অনুভূতিটা কেমন?
ঠিক বুঝে উঠতে পারছি না। তবে চলাফেরার মাঝে বন্ধু-বান্ধব বা পরিচিতজনরা যখন হাসিমুখে বলে ওঠে ‘টিভিতে তোমার বিজ্ঞাপন দেখলাম’ তখন নিজের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। মনে হয় কিছু একটা করেছি।
দর্শকদের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছেন?
যতোটা আশা করেছি তার চেয়েও বেশি। অনেকেই ফোন করে বাহবা দিচ্ছেন। রাস্তাঘাটে পরিচিত-অপরিচিত অনেকে এখন আমাকে ‘রুচি ডাইল’ বলে ডাকে। শুনতে ভালোই লাগে।
পেশায় আপনি একজন সাংবাদিক। মডেলিংয়ে আসার কারণ কি?
সাংবাদিকতার আগে থেকেই আমি সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত। প্রায় ১০ বছর ধারাবাহিকভাবে মঞ্চে কাজ করেছি। ১৯৯৭ সালে সড়ক নাট্যদলের হয়ে মঞ্চে অভিনয় শুরু করি। এরপর ১৯৯৯ সাল থেকে থিয়েটারে (নাটক সরণি) নিয়মিত কাজ করি। মূলত তখন থেকেই শোবিজে কাজ করার স্বপ্ন তৈরি হয়। এক সময় জড়িয়ে পড়ি সাংবাদিকতার সঙ্গে। দৈনিক আজকের কাগজ এবং পাক্ষিক আনন্দ বিনোদনে দীর্ঘদিন কাজ করেছি। কিন্তু শোবিজে কাজ করার জন্য সেভাবে চেষ্টা করিনি। এমনকি আজ পর্যন্ত একটা ফটোসেশনও করিনি আমি। প্রযোজনা সংস্থা ধানসিড়িতে হিরু নামে আমার এক বন্ধু আছে। ও একদিন আমার কাছে ছবি চাইলে ব্যক্তিগত অ্যালবাম থেকে আমার কিছু ছবি দিই। তার ঠিক দু’দিন পরে ধানসিড়ি থেকে আমাকে ডাকে এবং রুচি ডালের বিজ্ঞাপনের জন্য কাস্ট করে। এভাবেই মডেলিংয়ে আসা।
মঞ্চে আপনার উল্লেখযোগ্য কাজগুলো কি কি?
সড়ক নাট্যদলে থাকাকালে ব্যাচেলর, হ্যালুসিনেশন, শয়তান নাটকগুলোতে কাজ করেছি। এরপর থিয়েটারের হয়ে সাদী সিরাজের পালা, সাতঘাটের কানাকড়ি, রূপবান, বটবৃক্ষের ধরম করম, খামাখা খামাখা এবং বলদ নাটকগুলোয় অভিনয় মঞ্চে আমার উল্লেখযোগ্য কাজ। এছাড়া কয়েকটি পথনাটকেও কাজ করেছি।
বর্তমানে এটিএন বাংলায় প্রচারিত মেগা সিরিয়াল স্বপ্নমঙ্গলে অভিনয় করছেন। এখানে আপনার চরিত্রটি সম্পর্কে বলুন।
একই জেনারেশনের দুটি সার্কল। এক পক্ষ অতি আধুনিক আর অন্য পক্ষ পুরনো ধ্যান-ধারণায় বিশ্বাসী। প্রথম পক্ষের দলে সজল, প্রভা, রাসেল ও’নীল এবং আমি। অন্য পক্ষে জাহিদ হাসানসহ আরো কয়েকজন। এ দুই পক্ষের অনেক মজার মজার ঘটনা নিয়ে নাটকটির কাহিনী এগিয়ে যায়।
নতুন কোনো কাজ করছেন কি?
একটি বিজ্ঞাপনচিত্রে কাজের ব্যাপারে কথা হচ্ছে। এছাড়া শাহজাদা মামুনের দুটি ধারাবাহিকে অভিনয়ের কথা চূড়ান্ত হয়েছে। একটির নাম অন্তরে তার ডাক পাঠাবো, অন্যটির নাম এন্টি ক্লক। এদিকে সেলিম আল দীনের রচনা এবং নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় এনটিভির জন্য নির্মীয়মাণ একটি মেগা সিরিয়ালে কাজ করার ব্যাপারে কথা হয়েছে। নাম নির্ধারিত না হওয়া সারা আলীর পরিচালনায় ২৬ পর্বের একটি নাটকেও অভিনয়ের কথা রয়েছে। এছাড়া আমার লেখা রোমান্স উইথ ক্রিকেট নামে এক ঘণ্টার একটি নাটক শিগগির নির্মাণ করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।
সূত্রঃ যায়যায়দিন।
No tag for this post.
Evergreen Bangla Video 
Post Your Comments